অন্যান্যবাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন

হীরাঝিলে উদ্দেশ্যমূলক শ্রমিক টার্মিনেশনের বিরুদ্ধে হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

টার্মিনেশন ও ছাঁটাই-চাকুরিচ্যুতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন। মতিঝিলে অবস্থিত হীরাঝিল রেস্টুরেন্টে শ্রমিক শিহাবকে ষড়যন্ত্রমূলক ছাঁটায়ের প্রতিবাদে ইউনিয়নের মতিঝিল কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের থানা কমিটির নেতা কাওসার মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি মনির হোসেন ও সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সংঘের যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন নয়ন এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম টিটু। এছাড়াও ইউনিয়নের মহানগর কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, গত ১২ এপ্রিল হীরাঝিল প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন বাস্তবায়নের প্রেক্ষিতে নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ আইন স্বীকৃত ছুটি ও সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়নে শ্রমিক পক্ষের সাথে চুক্তিবদ্ধ হোন। এর ধারাবাহিকতায় ১৮ এপ্রিল রেস্তোরাঁ মালিক সমিতির কার্যালয়ে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। তথাপি মালিক পক্ষ চুক্তি বাস্তবায়ন না করায় শ্রকিকরা কলকারখানা অধিদপ্তরে অভিযোগ জানালে ৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

কলকারখানা অধিদপ্তরের উপমহাপরিদর্শক আতিকুর রহমানের উপস্থিতিতে শুনানিতে নোটিশ মোতাবেক শ্রমিক পক্ষের নির্ধারিত ১০ জন প্রতিনিধি উপস্থিত থাকলেও মালিক পক্ষ জোরপূর্বক বহিরাগত নিয়ে উপস্থিত হয়। উপস্থিত বহিরাগতরা শুনানিতে শ্রমিক পক্ষের বক্তব্য উপস্থাপনে বাধা প্রদানসহ শ্রমিক প্রতিনিধিদের সাথে ঔদ্ধত্যপূর্ণ ও অশোভন আচরণ করে।

শুনানিতে নোটিশ মোতাবেক মালিক পক্ষের শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র, সার্ভিসবুক ও রেজিস্ট্রারসহ অন্যান্য ডকুমেন্টস নিয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা থাকলেও মালিক পক্ষ কোন ডকুমেন্টস হাজির করে নি। উপরন্তু শ্রম আইন বাস্তবায়নের দাবিকে উপেক্ষা করার লক্ষ্যে প্রতিষ্ঠানের শ্রমিক প্রতিনিধি শিহাবকে টার্মিনেশন করতে উপস্থিত মালিক পক্ষের বহিরাগতরা শ্রমিক প্রতিনিধিদের জোর জবরদস্তি করতে থাকে। উদ্ভুত পরিস্থিতিতে শ্রমিক প্রতিনিধিরা পূর্বের চুক্তি মোতাবেক নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানের দাবি জানালে অধিদপ্তরের সংশ্লিষ্ট এরিয়া পরিদর্শক আইন বাস্তবায়ন না করায় সংশ্লিষ্ট বিষয়ে মালিক পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে উল্লেখ করেন। ফলে মামলাধীন বিষয়ে কোর্ট প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার কথা জানান।

সমাবেশে নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মালিক পক্ষের বিরুদ্ধে এই মামলা উদ্দেশ্যপ্রণোদিত। একদিকে মামলা দায়েরের কথা বলে আইন বাস্তবায়নে বিলম্ব কৌশল গ্রহণ করা হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন সচেতন শ্রমিক প্রতিনিধিদের উদ্দেশ্যমূলক টার্মিনেশনের মাধ্যমে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকারকে হরণ এবং শ্রমিকদের চলমান আন্দোলনকে দমন করার হীন চেষ্ঠা চালাচ্ছে।

নেতৃবৃন্দ শ্রম আইনের কালো ধারা খ্যাত ২৬ ধারা বাতিল এবং হীরাঝিল প্রতিষ্ঠানের শ্রমিক শিহাবসহ আন্দোলনকারী অন্যান্য শ্রমিকদের বিরুদ্ধে মালিকের ষড়যন্ত্র-চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় হীরাঝিল রেস্তোরাঁর শ্রমিকদের পক্ষে দেশব্যাপী হোটেল রেস্তোরাঁর শ্রমিকরা তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তোলার মাধ্যমে শ্রম আইন ও সরকার ঘোষিত গেজেট বাস্তবায়নের দাবিকে শ্রমিকরা প্রতিষ্ঠিত করবে।