কর্মসূচি

সীতাকুন্ডে শ্রমিক হত্যার ঘটনায় আগামিকাল ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামের সীতাকুন্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড ও রিসাইক্লিং কারখানায় গত শুক্রবার (১৪ আগষ্ট) মুনাফার নির্মম বলী হিসেবে ৯ জন (এখন পর্যন্ত) শ্রমিকের মৃত্যুতে গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এ ঘটনায় আগামিকাল (১৭ আগষ্ট) সকাল ১০:৩০টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। সংগঠনের সভাপতি চৌধুরী আশিকুল আলম এবং সাধারণ সম্পাদক রজত বিশ^াস এক যুক্ত বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শ্রমিকদের পর্যাপ্ত রেসপিরেটরি মাস্ক ও অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করে নি কারখানা কর্তৃপক্ষ। এছাড়া কারখানায় এলএনজি পরিবহনে ব্যবহৃত জাহাজটি কাটার আগে গ্যাসমুক্ত করার নিয়ম থাকলেও কর্তৃপক্ষ তা না করে শ্রমিকদেরকে বিষাক্ত গ্যাসের মধ্যে ঠেলে দিয়ে মৃত্যুর ঘটনা সংঘটিত করে। আহত শ্রমিকদের বরাত দিয়ে নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, অচেতন হয়ে পড়া শ্রমিকদের সবাই ঘটনাস্থলে মারা যাননি। তাঁদের কয়েকজনকে জাহাজ থেকে উদ্ধার করে নিরাপদ দূরত্বে নেওয়ার পরও সময়মতো হাসপাতালে পাঠানো হয়নি। জানা যায়, পলাশ জলদাস নামে একজন শ্রমিককে উদ্ধারের পরও তিনি জীবিত ছিলেন। কিন্তু তখন কারখানার ভেতরে কোনো অ্যাম্বুলেন্স, চিকিৎসক বা অক্সিজেন সিলিন্ডার ছিল না। সময়মতো অক্সিজেন দেওয়া গেলে এত প্রাণহানি হতো না। এ প্রেক্ষিতে নেতৃদ্বয় জাহাজ শিল্পে এই নজিরবিহী ঘটনায় মালিক কর্তৃপক্ষের অবহেলা জনিত হত্যাকান্ড হিসেবে দায়ী করেন।

জাহাজ ভাঙা শিল্পে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার অভাব এবং মালিকপক্ষের চরম অবহেলার কারণেই প্রতিনিয়ত শ্রমিকদের প্রাণ দিতে হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ অবস্থায় সংগঠনের পক্ষ থেকে নি¤েœাাক্ত দাবিগুলো তুলে ধরা হয়:
মালিক ও সংশ্লিষ্টদের শাস্তি: ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ী কারখানা মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তি/কর্তৃপক্ষকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

যথাযথ ক্ষতিপূরণ: আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত ও পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানসহ নিহত শ্রমিক পরিবারকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

উক্ত দাবিতে আহুত কর্মসূচি সফল করতে সকাল ১০:৩০ টায় গুলিস্তানে অবস্থিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টেরয় কার্যালয়ে সকল নেতা-কর্মিদের উপস্থিত থাকার জন্য নেতৃদ্বয় বিবৃতিতে আহবান জানান।