হালুয়াঘাটে দর্জি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন
গতকাল ১৭ আগষ্ট, ২০২৬ ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাজাফে ৫ এর অন্তর্ভুক্ত হালুয়াঘাট দর্জি শ্রমিক ইউনিয়নের এক আহবায়ক কমিটি গঠিত হয়। এতে সুলতান আহমেদকে আহবায়ক, রাসেল মিয়া ও লিটন দাস যুগ্ম আহবায়ক এবং জহিরুল, নাজমুল হাসান, শিপন মিয়া ও আনোয়ার হোসেনকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলী আকন্দ, ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আব্দুর রশিদসহ অন্যান্য কারিগর নেতৃবৃন্দ। হালুয়াঘাটে কর্মরত দর্জি কারিগরগণ দীর্ঘদিন যাবত কারখানার মালিকদের শোষণ নির্যাতনের শিকার হচ্ছে। নিয়োগপত্র পরিচয়পত্রসহ নিম্নরেটে কাজ করাসহ অন্যান্য আইনী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। বর্তমান বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে তাদের সাংসারিক ও পারিবারিক খরচ বহন করা দূর্বিষহ হয়ে পড়েছে। ফলে তারা নিজেদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম বেগবান করবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন।
বক্তাগণ বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতিতে সকল সেক্টরের শ্রমিকদের চিত্র একই। শোষণের নিষ্পেষিত যাঁতাকলে শ্রমিকরা আজ বিপর্যস্ত। তাই সকল সেক্টরের শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের পাশাপাশি মজুরি দাসত্বের বিরুদ্ধে লড়াই সংগ্রামকে বেগবান করতে হবে।
