৩০ হাজার টাকা মজুরির দাবিতে চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত
গতকাল (২৮শে আগস্ট ২০২৬) শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকায় চট্টগ্রাম নগরীর নিউমার্কেট চত্বরে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম জেলার উদ্যোগে মজুরি বোর্ড গঠন ও ৩০ হাজার টাকা মজুরি ঘোষণার দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল রাজ্জাক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শওকত হোসেন। সমাবেশে চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলের গার্মেন্টস শ্রমিকেরা উপস্থিত হয়ে সমাবেশটি সফল করেন।
সমাবেশে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলার সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার অর্থ-সম্পাদক মোঃ জয়নাল উদ্দীন জামাল ও সহ-সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মোঃ সোহেল, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা কমিটির সহ- সভাপতি মোঃ জসিম বাবুর্চি এবং চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক সংঘ,র সভাপতি জামাল হোসেন।
বক্তারা লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে গার্মেন্টস শ্রমিকদের দুরাবস্থার কথা তুলে ধরেন। তাঁরা বলেন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। কিন্তু, অপরদিকে শ্রমিকদের মজুরির কোনো পরিবর্তন তো নেই-ই; উলটো এই সংকটময় পরিস্থিতিতেও মালিকপক্ষ যত উপায়ে সম্ভব গার্মেন্টস শ্রমিকদের মজুরি ঠকিয়ে, অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই করে দিনের পর দিন টাকার পাহাড় গড়ে চলেছে। এমতাবস্থায়, গার্মেন্টস সেক্টরে সরকার কর্তৃক ঘোষণা করা ২০২৩ সালের গেজেটের সাথে বর্তমান বাজারের কোনো সামঞ্জস্য নেই। কিন্তু, শ্রমিকদের এই করুণ অবস্থার দিকে রাষ্ট্রের ইচ্ছাকৃত অবহেলা লক্ষ্য করা যায়। শ্রমিকরা অধিকারের লড়াইয়ে সংগঠিত হলে মালিকপক্ষ হতে হয়রানি, ব্লাকলিস্টেড হয়ে অন্যায়ভাবে ছাঁটাইয়ের শিকার হতে হয়।
বক্তারা অবিলম্বে মজুরি বোর্ড গঠন, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ, অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ এবং অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকারের দাবি জানান। এ প্রেক্ষিতে সরকার কোনো পদক্ষেপ না নিলে আগামী দিনে কঠোর লড়াই-সংগ্রাম ও প্রতিরোধ গড়ে তুলে শ্রমিকদের দাবি ছিনিয়ে নিতে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর নিউমার্কেট থেকে শুরু হয়ে নতুন রেলওয়ে স্টেশন ঘুরে আবার নিউমার্কেট হয়ে আলকরণ মোড় ঘুরে নিউমার্কেট চত্বরে এসে শেষ হয়।
