নৌযান শ্রমিক ফেডারেশনের যুব সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ‘যুব শ্রমিক সমাবেশ-২০২৬’ সফলভাবে সম্পন্ন
নারায়ণগঞ্জ, ১২ এপ্রিল ২০২৬: বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে গতকাল ১২ এপ্রিল ২০২৬, রবিবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘যুব শ্রমিক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান’ অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। “অধিকারের লড়াইয়ে যুব নৌ শ্রমিকদের শক্তি, দ্রুত আনবে শ্রমিকের চূড়ান্ত মুক্তি”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে কয়েকশত তরুণ নৌযান শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশন (ITF)-এর জেনারেল সেক্রেটারি স্টিফেন কটনের পাঠানো একটি বিশেষ ভ্রাতৃত্বমূলক বার্তা পাঠ করা হয়। তাঁর বার্তায় তিনি উল্লেখ করেন যে, পরিবহন সেক্টরের ইউনিয়নগুলোর মধ্যে শক্তিশালী যুব কাঠামো তৈরি এবং তরুণ শ্রমিকদের নীতি-নির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা আগামীর নেতৃত্ব তৈরির জন্য অত্যন্ত জরুরি।
সমাবেশটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব চৌধুরী আশিকুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি জনাব আফছার হোসেন চৌধুরী এবং বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এ রহমান।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতিকুল ইসলাম টিটু, সহ-সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ-আল-মাসুম, মোঃ আজিজুল্লাহ এবং মোঃ মামুন। বক্তারা তাঁদের বক্তব্যে নৌযান শ্রমিকদের নায্য অধিকার আদায় এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা ও সমাবেশ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শ্রমিকদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বার্তা প্রেরক,
আতিকুল ইসলাম
অফিস সচিব
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
